যশোরের অভয়নগর উপজেলায় এক অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার রাতে উপজেলার দিঘলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী প্রশান্ত কুমার মুখার্জী (৭০) পায়রা বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক। তিনি জানান, রাত সাড়ে ৮টার দিকে তিনি ঘরে প্রার্থনা করছিলেন, এ সময় তার স্ত্রীর কাছে লাল টেপে মোড়ানো একটি ককটেলসদৃশ বস্তু এসে পড়ে। এতে আতঙ্কিত হয়ে পরিবারের সদস্যরা বাইরে বেরিয়ে আসেন।
এর কিছুক্ষণ পর পাশের একটি কাঠের ঘরে আগুন জ্বলতে দেখা যায়। স্থানীয়দের সহায়তায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ককটেলটি উদ্ধার করে।
প্রশান্ত কুমার মুখার্জী বলেন, ককটেলটি বিস্ফোরিত না হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। তবে এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
অভয়নগর থানার ওসি এস এম নূরুজ্জামান জানান, এক শিক্ষকের বাড়িতে দূর্বৃত্তরা লাল টেপ দিয়ে জড়ানো ককটেল সাদৃশ্য একটা জিনিস ফেলে গেছে। এরপর তারা একটি ঘরে আগুন ধরিয়ে দিয়ে সটকে পড়ে। ওই শিক্ষককে অভিযোগ দিতে বলেছি। এখনও তিনি থানায় আসেননি। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।





