শার্শা-বেনাপোল প্রতিনিধি: যশোরে অভিযান চালিয়ে ২টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (০৯ এপ্রিল ২০২৬) ভোর ৫টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল যশোর-মাগুরা মহাসড়কের কোদালিয়া ঈদগাহ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে। এ সময় মো. আলামিন (৩২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
বিজিবি জানায়, আটক ব্যক্তির কোমরে কৌশলে লুকানো অবস্থায় ২৪০.৬০ গ্রাম ওজনের ২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়াও তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ৭০ টাকা জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, তিনি ঢাকার সায়দাবাদ এলাকা থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় ৪৪ লাখ ৮৯ হাজার ৩৫৫ টাকা। এছাড়া জব্দকৃত মোবাইল ও নগদ অর্থসহ মোট জব্দমূল্য দাঁড়িয়েছে ৪৫ লাখ ১৪ হাজার ৪২৫ টাকা।
আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। এ ধরনের অপরাধ প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও তা চলমান থাকবে।





