যশোরের মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নেতা নিহত হয়েছেন। শনিবার (২৮ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে মনিরামপুর সরকারি কলেজ এলাকার সড়কে পিকআপ, ট্রাক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনি গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সাংগঠনিক কর্মসূচি শেষ করে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলে থাকা অবস্থায় ডাক্তার শরিফুল ইসলাম দুর্ঘটনার শিকার হন। সংঘর্ষে তিনি মারাত্মকভাবে আহত হলে স্থানীয় জনগণ তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক সেখানে পৌঁছানোর পর তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ডাক্তার শরিফুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রশিবির নেতা ছিলেন। তিনি বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামি মনিরামপুর উপজেলা কর্মপরিষদের সদস্য এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ঘটনায় শোক জানিয়েছেন জেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক গোলাম রসুল  ও মনিরামপুর আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী এডভোকেট গাজী এনামুল হক।