ভারতে অনুষ্ঠেয় আসন্ন বিশ্বকাপকে ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে নতুন করে বিস্তারিত চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার বিকেল চারটার দিকে ই–মেইলের মাধ্যমে চিঠিটি পাঠানো হয় বলে জানিয়েছে একটি দেশীয় সংবাদমাধ্যম।
চিঠিতে ভারতে বিশ্বকাপ খেলাকে বাংলাদেশের জন্য কেন অনুকূল মনে করছে না বিসিবি, তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে। নিরাপত্তা নিয়ে উদ্বেগের পাশাপাশি সামগ্রিক প্রেক্ষাপট তুলে ধরে প্রয়োজনীয় নথি ও রেফারেন্সও সংযুক্ত করা হয়েছে। তবে চিঠির তাৎক্ষণিক কোনো জবাব আসেনি। আগামী ১০ জানুয়ারি এ বিষয়ে আইসিসির অবস্থান জানতে পারবে বিসিবি।
এর আগে গত রবিবার প্রথমবার আইসিসিকে ই-মেইল করে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে অপারগতার কথা জানায় বিসিবি। ওই সিদ্ধান্তের পেছনে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে উঠে আসে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর একটি নির্দেশনা। বিসিসিআইয়ের সিদ্ধান্তের কারণে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দিতে হয়।
উল্লেখ্য, গত ডিসেম্বর আইপিএলের মিনি নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নেয় কেকেআর। কিন্তু বিসিসিআইয়ের নির্দেশনার পর ফ্র্যাঞ্চাইজিটি তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। বিসিবি এই ঘটনাকে নিরাপত্তা ও পরিবেশগত অনিশ্চয়তার বড় উদাহরণ হিসেবে চিঠিতে উল্লেখ করেছে।
এই প্রেক্ষাপটে আইসিসি মঙ্গলবার বিসিবিকে একটি পাল্টা ই-মেইল পাঠিয়ে নিরাপত্তা সংশ্লিষ্ট শঙ্কাগুলোর বিস্তারিত ব্যাখ্যা চায়। সেই চিঠির জবাব হিসেবেই বৃহস্পতিবার নতুন করে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বিসিবি।
এখন সব পক্ষের দৃষ্টি ১০ জানুয়ারির দিকে। আইসিসির সিদ্ধান্তই নির্ধারণ করবে বিশ্বকাপ আয়োজন এবং তাতে বাংলাদেশের অংশগ্রহণের ভবিষ্যৎ পথচিত্র।





