যুক্তরাষ্ট্র-ইরান সম্ভাব্য বৈঠককে ঘিরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জোরদার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুরো শহর কার্যত কঠোর নিয়ন্ত্রণে রাখা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ১০ হাজার সদস্যের বাহিনী মোতায়েন করা হয়েছে। এতে পুলিশ, সেনাবাহিনী এবং বিশেষ কমান্ডো ইউনিট অংশ নিয়েছে।
নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে, যাতে বৈঠক নির্বিঘ্নভাবে সম্পন্ন করা যায়।
রাজধানীর গুরুত্বপূর্ণ প্রশাসনিক এলাকা ‘রেড জোন’-এ প্রবেশের সব সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। ওই এলাকায় সাধারণ মানুষের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে।
এদিকে, বৈঠকে অংশ নিতে বিভিন্ন দেশের প্রতিনিধিরা ইসলামাবাদে পৌঁছাতে শুরু করেছেন। তবে কারা অংশ নিচ্ছেন এবং আলোচনার বিষয়বস্তু কী—এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
সূত্রগুলো বলছে, এটি অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ কূটনৈতিক মুহূর্ত। দীর্ঘদিনের প্রচেষ্টার পর এই বৈঠকের আয়োজন করা হয়েছে।
প্রথমে আজ বৈঠকটি হওয়ার কথা থাকলেও লজিস্টিক জটিলতার কারণে তা একদিন পিছিয়ে দেওয়া হয়েছে।
পাকিস্তানি কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, এই আলোচনার মাধ্যমে ইতিবাচক অগ্রগতি হতে পারে, যা আঞ্চলিক স্থিতিশীলতায় ভূমিকা রাখবে।





