বাংলাদেশের তিন শীর্ষ ভোজ্যতেল প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান—সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ ও ডেল্টা গ্রুপ—যুক্তরাষ্ট্র থেকে এক বিলিয়ন ডলারের সয়াবিন আমদানির চুক্তি সই করেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর এক হোটেলে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সংগঠন ইউএসএসইসি (U.S. Soybean Export Council) এর সঙ্গে এ চুক্তি স্বাক্ষর হয়।
দেশে প্রতি বছর প্রায় ২৪ লাখ টন ভোজ্যতেলের চাহিদা থাকলেও স্থানীয় উৎপাদন মাত্র ৩ লাখ টন। ফলে প্রায় ৯০ শতাংশ তেল আমদানির ওপর নির্ভরশীল বাংলাদেশ, যার বেশির ভাগই আসে ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে।
গেল আগস্টে পাল্টা শুল্কের চাপ কমাতে এবং বাণিজ্য ভারসাম্য রক্ষায় যুক্তরাষ্ট্র থেকে গম, সয়াবিন, তুলা ও বোয়িংসহ বিভিন্ন পণ্য কেনার অঙ্গীকার করেছিল বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় এ চুক্তি সম্পন্ন হলো।
ইউএসএসইসি’র প্রধান নির্বাহী কেভিন এম রোপকে বলেন, “সয়াবিন রফতানির মাধ্যমে দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার হবে। পাশাপাশি বাংলাদেশে খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিতে এটি ভূমিকা রাখবে।”
সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. হাসান বলেন, “কৃষিভিত্তিক ব্যবসা ও খাদ্য নিরাপত্তা জোরদারে এই চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি দুই দেশের জন্যই পারস্পরিকভাবে লাভজনক।”
মেঘনা গ্রুপের চেয়ারম্যান মো. মোস্তফা কামাল মনে করেন, “চুক্তির ফলে বাংলাদেশের ভোক্তারা প্রতিযোগিতামূলক দামে সয়াবিন পাবে।”
ডেল্টা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আমিরুল হক বলেন, “এই চুক্তি দ্বিপাক্ষিক বাণিজ্যে নতুন গতি আনবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। তিনি বলেন, “বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্রের বিলিয়ন ডলারের রফতানি সহযোগী দেশ। ভবিষ্যতে অর্থনৈতিক অংশীদারিত্ব ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে।”
২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে প্রায় ২৫০ কোটি ডলারের পণ্য আমদানি করেছে এবং রফতানি করেছে ৬২৬ কোটি ডলার।





