ইরান ও যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের শান্তি আলোচনার পর ইসলামাবাদে সংবাদ সম্মেলন করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেন, যুক্তরাষ্ট্র নমনীয়তা ও সদিচ্ছা নিয়েই আলোচনায় অংশ নেয়, তবে ইরান মার্কিন শর্তে রাজি হয়নি।

ভ্যান্স জানান, আলোচনায় অগ্রগতি হলেও শেষ পর্যন্ত কোনো চুক্তি হয়নি, যা যুক্তরাষ্ট্রের তুলনায় ইরানের জন্য বেশি ক্ষতিকর। তিনি বলেন, ইরানের পারমাণবিক অস্ত্র না করার বিষয়ে দৃঢ় ও স্পষ্ট প্রতিশ্রুতি পাওয়া যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, ওয়াশিংটন চায় তেহরান এমন নিশ্চয়তা দিক যাতে তারা পারমাণবিক অস্ত্র তৈরি না করে এবং সে সক্ষমতার পথে না যায়। ট্রাম্প প্রশাসনের জন্য এ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

ভ্যান্স জানান, আলোচনায় ইরানের জব্দ সম্পদসহ বিভিন্ন ইস্যু নিয়েও আলোচনা হয়েছে, তবে কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।

দীর্ঘ ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ হওয়ার পর মার্কিন প্রতিনিধি দল পাকিস্তান ত্যাগ করে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ইরানি প্রতিনিধিদলও ইসলামাবাদ ছেড়েছে।