যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর ফের হামলার চেষ্টা হয়েছে। বিমানবন্দরে আক্রমণের পর হোটেলেও তার ওপর হামলার চেষ্টা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। এ বিষয়ে আখতার হোসেন বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ফেসবুকে এক ভিডিও বার্তায় বিস্তারিত জানিয়েছেন।
হামলার পর যুক্তরাষ্ট্রে আখতার হোসেন মামলা দায়ের করেছেন। মামলায় আঘাতকারীদের বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ অন্যান্য অভিযোগ তোলা হয়েছে। এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ রাজনৈতিক নেতাদের ওপরও হামলাকারীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
ভিডিও বার্তায় আখতার হোসেন বলেন, “নিউইয়র্কে বিমানবন্দরে হামলার পর আওয়ামী লীগের সন্ত্রাসীরা হোটেলের লবিতেও হামলা করতে এসেছিল। আমাদের উপস্থিত এনসিপি সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা তাদের প্রতিহত করে পুলিশকে জানায়। পরে পুলিশের পরামর্শে আমরা মামলা দায়ের করেছি।”
তিনি আরও বলেন, “যারা আমাদের ওপর হামলা চালিয়েছে, তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি। ইউএসএ পুলিশের কাছে আমরা জানিয়েছি, যারা এসব করছে তারা বাংলাদেশে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত। তারা গত বছর দেশে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত ছিল। বিষয়টি জাতিসংঘকেও জানানো হয়েছে।”
আখতার হোসেন বলেন, “আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশে হোক বা বিদেশে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তারা যত অপরাধই করুক, আইনের মাধ্যমে দণ্ড প্রদান সম্ভব। এদের সন্ত্রাস বাংলাদেশে আর ছড়াতে পারবে না।”’





