নিউইয়র্ক সিটিতে ইসরাইলের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি এবং ইরানকে ঘিরে চলমান সংঘাতের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে। এতে শত শত মানুষ অংশ নেন এবং একপর্যায়ে ম্যানহাটনের একটি গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে প্রায় ৯০ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে।


বিক্ষোভের আয়োজন করে সংগঠন জিউইশ ভয়েস ফর পিস। সংগঠনটি জানায়, গ্রেপ্তার হওয়াদের মধ্যে হুইসেলব্লোয়ার চেলসি ম্যানিং, অভিনেত্রী হারি নেফ এবং নিউইয়র্ক সিটি কাউন্সিল সদস্য অ্যালেক্সা আভিলেসও ছিলেন।


প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভকারীরা প্রথমে সিনেট ডেমোক্র্যাটিক নেতা চাক শুমার এবং সিনেটর কির্স্টেন গিলিব্র্যান্ড-এর ম্যানহাটন অফিসে সিট-ইন কর্মসূচি পালনের চেষ্টা করেন। কিন্তু নিরাপত্তাকর্মীরা ভবনে প্রবেশে বাধা দিলে তারা বাইরে সড়ক অবরোধ শুরু করেন।


এ সময় বিক্ষোভকারীরা ‘মানুষের জন্য অর্থ দাও, বোমার জন্য নয়’সহ বিভিন্ন স্লোগান দেন। তাদের অভিযোগ, লেবাননে ইসরাইলের হামলা বৃদ্ধি এবং ইরান ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরাইল সংঘাতে এসব মার্কিন রাজনৈতিক নেতা পরোক্ষভাবে সমর্থন দিচ্ছেন।


\r\n\r\n\r\n\r\n

পরে পুলিশ ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের আটক করে তিনটি বাসে করে সরিয়ে নেয়। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসআল জাজিরা-এ প্রতিবেদন প্রকাশিত হয়েছে।