যুক্তরাষ্ট্র স্মরণকালের অন্যতম ভয়াবহ শীতকালীন ঝড়ের কবলে পড়েছে। তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকার কারণে দেশজুড়ে বাসিন্দাদের বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ঝড়ের কারণে কয়েক’শ ফ্লাইট বাতিল হয়েছে, বিদ্যুৎ বিভ্রাটে দৈনন্দিন কাজে বিঘ্ন দেখা দিয়েছে।
ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, আর্কটিক শীতল বায়ুপ্রবাহের কারণে কয়েকদিন ধরে তাপমাত্রা বিপজ্জনকভাবে কমতে পারে। স্থানীয় সময় সোমবার সকাল পর্যন্ত একই ধরনের আবহাওয়া পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।
নিউইয়র্ক সিটিতে উল্লেখযোগ্য সংখ্যক ভাসমান মানুষের বাস। মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, পাঁচজনের মৃতদেহ পাওয়া গেছে। তবে তারা তীব্র শীতের কারণে মারা গেছেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি।
টেক্সাসে তিনজন ও লুইজিয়ানায় দুজন হাইপোথার্মিয়ার কারণে মারা গেছেন। যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, রোববার রাত পর্যন্ত ৮ লাখ ৪০ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎবিহীন ছিলেন। বিশেষ করে দক্ষিণাঞ্চলে ক্ষতির মাত্রা বেশি। টেনেসি, লুইজিয়ানা, মিসিসিপি ও জর্জিয়ায় বরফ ও ঝড়ের কারণে লাখ লাখ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।
টেক্সাস থেকে নর্থ ক্যারোলাইনা ও নিউইয়র্ক পর্যন্ত বিভিন্ন অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ বিপজ্জনক পরিস্থিতির কারণে বাসিন্দাদের ঘরে থাকার অনুরোধ করেছে। টেক্সাসের জরুরি পরিস্থিতি ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, “একান্ত প্রয়োজন না হলে রাস্তায় বের হবেন না।”
স্থানীয় সময় রোববার ঝড়টি উত্তর-পূর্বাঞ্চলের দিকে অগ্রসর হয়ে ফিলাডেলফিয়া, নিউইয়র্ক ও বোস্টনের মতো ঘনবসতিপূর্ণ শহরগুলোতে তুষার ও শিলাবৃষ্টি ঝরিয়েছে। কমপক্ষে ২০টি অঙ্গরাজ্য এবং ওয়াশিংটন ডিসিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।





