যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা বন্ড জমা দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। এফ (F) ও এম (M) ক্যাটাগরির ভিসাধারীদের ক্ষেত্রে এই বন্ড প্রযোজ্য হবে না। মঙ্গলবার (২০ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে মার্কিন দূতাবাস জানায়, বুধবার (২১ জানুয়ারি) থেকে যেসব বাংলাদেশি নাগরিক ব্যবসা বা পর্যটন উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিসার জন্য অনুমোদন পাবেন, কেবলমাত্র তাদের ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দেওয়ার নিয়ম কার্যকর হবে।
দূতাবাসের পক্ষ থেকে আরও বলা হয়, বন্ড পরিশোধের বিষয়টি শুধু প্রযোজ্য আবেদনকারীদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। শিক্ষার্থী ভিসা (এফ ও এম) এর আওতায় যুক্তরাষ্ট্রে অবস্থানরতদের এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।
যুক্তরাষ্ট্রের ভিসা সংক্রান্ত সঠিক ও হালনাগাদ তথ্যের জন্য https://bd.usembassy.gov/visas/ এই ওয়েবসাইট দেখার অনুরোধ করেছে দূতাবাস।
এর আগে সোমবার (১৯ জানুয়ারি) দেওয়া এক ঘোষণায় দূতাবাস জানায়, ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে নতুন করে অনুমোদিত বি১/বি২ ভিসাধারীদের জন্য এই বন্ড ব্যবস্থা কার্যকর হবে। তবে ওই তারিখের আগে ইস্যু করা বৈধ বি১/বি২ ভিসার ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য হবে না।
বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়, ভিসা সাক্ষাৎকারের আগে কোনোভাবেই বন্ড পরিশোধ করা যাবে না। আগাম অর্থ জমা দিলেও তা ভিসা পাওয়ার নিশ্চয়তা দেয় না। এছাড়া তৃতীয় পক্ষের ওয়েবসাইটে লেনদেন প্রতারণার ঝুঁকি থাকতে পারে বলেও সতর্ক করেছে দূতাবাস। ভিসার সব শর্ত যথাযথভাবে পূরণ করা হলে বন্ডের অর্থ ফেরতযোগ্য হবে।





