অন্তঃসত্ত্বা নারীদের ভিসা জালিয়াতিতে সহায়তাকারীদের বিরুদ্ধে কড়াকড়ি করছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্মের মাধ্যমে নাগরিকত্ব নেওয়ার উদ্দেশ্যে পরিচালিত তথাকথিত ‘বার্থ ট্যুরিজম’ ঠেকাতে নতুন উদ্যোগ নিচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।
বার্তা সংস্থা রয়টার্স-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন অভিবাসন সংস্থা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) দেশজুড়ে তদন্ত জোরদারের নির্দেশ দিয়েছে। ‘বার্থ ট্যুরিজম ইনিশিয়েটিভ’ নামে এই কার্যক্রমের মাধ্যমে এমন চক্রগুলোকে শনাক্ত করা হবে, যারা বিদেশি অন্তঃসত্ত্বা নারীদের যুক্তরাষ্ট্রে এনে সন্তান জন্মের সুযোগ করে দেয়।
দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই ডোনাল্ড ট্রাম্প বৈধ ও অবৈধ—উভয় ধরনের অভিবাসন কমাতে কঠোর অবস্থান নিয়েছেন। জন্মসূত্রে নাগরিকত্বের নিয়ম সীমিত করার বিষয়টিও তার নীতির অংশ।
হোয়াইট হাউসের মুখপাত্র অ্যানা কেলি বলেন, অবাধ জন্ম পর্যটন করদাতাদের ওপর চাপ সৃষ্টি করছে এবং জাতীয় নিরাপত্তার ঝুঁকি বাড়াচ্ছে।
তবে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি এ বিষয়ে চলমান তদন্ত নিয়ে বিস্তারিত মন্তব্য করেনি। সংস্থাটি জানায়, যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেওয়া নিজে অবৈধ নয়, তবে এ প্রক্রিয়ায় আইনের অপব্যবহার হলে তা মোকাবিলায় তারা সতর্ক রয়েছে।
বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ বাস্তবায়ন হলে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে আরও কঠোরতা আসতে পারে এবং জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হতে পারে।





