বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যঘাটতি বর্তমানে প্রায় ৬ বিলিয়ন ডলার (৬০০ কোটি ডলার)। এই ঘাটতি কমাতে পারলে যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত পাল্টা শুল্ক ২০ শতাংশ থেকে আরও কমাতে পারে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।


রোববার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডেন লিঞ্চের নেতৃত্বে আসা প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


বাণিজ্য উপদেষ্টা জানান, দুই দেশের বাণিজ্যঘাটতি হ্রাসে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে কৃষিপণ্য, জ্বালানি এবং বিমান কেনাসহ বিভিন্ন খাতে বাংলাদেশের পণ্যের আমদানি বাড়ানো। এসব প্রতিশ্রুতির বাস্তবায়ন অগ্রগতি নিয়েই মূলত আলোচনা হয়েছে এবং এখন পর্যন্ত অগ্রগতি সন্তোষজনক।


তিন দিনের সফরে ঢাকায় এসেছে ব্রেন্ডেন লিঞ্চের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। সফরকালে তারা বাণিজ্য মন্ত্রণালয়ের পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক করবেন।


বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ৭ আগস্ট যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর পাল্টা শুল্ক হার ২৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করেছে। তবে এখনও কোনো আনুষ্ঠানিক বাণিজ্যচুক্তি হয়নি। বাংলাদেশ চাইছে পাল্টা শুল্ক কমে অন্তত ১৫ শতাংশে নামুক, এবং সে লক্ষ্যে ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তি সম্পাদনের চেষ্টা চলছে।


এই উদ্দেশ্যে বাণিজ্য মন্ত্রণালয় ইউএসটিআরের (United States Trade Representative) সঙ্গে আলোচনার জন্য সময় চেয়েছিল, যার প্রেক্ষিতে প্রতিনিধিদলটি ঢাকা সফরে এসেছে। জানা গেছে, বৈঠকের আলোকে একটি খসড়া বাণিজ্যচুক্তিও প্রস্তুত করা হয়েছে। এখন দুই পক্ষ দর-কষাকষির মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারলে খসড়ায় সংশোধন এনে চুক্তি সই হবে।


\r\n\r\n\r\n\r\n\r\n\r\n

উল্লেখ্য, ব্রেন্ডেন লিঞ্চ দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বাণিজ্যনীতির বাস্তবায়নের দায়িত্বে রয়েছেন।