ইরান চলমান সংঘাতের অবসান ঘটাতে ইচ্ছুক, তবে ভবিষ্যতে একই ধরনের হামলা যেন পুনরায় না ঘটে, সে বিষয়ে নির্দিষ্ট নিশ্চয়তা চাইছে তেহরান। এমনটাই জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। খবর আল জাজিরা।

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তার সঙ্গে টেলিফোনে আলাপকালে পেজেশকিয়ান বলেন, “সংঘাত শেষ করতে আমাদের সদিচ্ছা রয়েছে, তবে এর জন্য অপরিহার্য শর্ত পূরণ হতে হবে। বিশেষ করে ভবিষ্যতে নতুন কোনো আগ্রাসন যেন না ঘটে, তার নিশ্চয়তা থাকা উচিত।”

ইরান দীর্ঘদিন ধরে বলছে, তারা শুধুমাত্র সাময়িক যুদ্ধবিরতিতে সন্তুষ্ট নয়; স্থায়ী নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া কোনো সমঝোতায় যেতে আগ্রহী নয়। এ অবস্থানই পুনরায় প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট।

ইরানের যুদ্ধশেষের ইঙ্গিতের পরই বৈশ্বিক আর্থিক বাজারে ইতিবাচক প্রভাব দেখা দিয়েছে। মার্কিন শেয়ারবাজারের প্রধান সূচকগুলো উল্লেখযোগ্যভাবে উত্থান দেখিয়েছে, বিনিয়োগকারীরা শান্তি ও স্থিতিশীলতার আশায় বাজারে ফিরে এসেছেন।