যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার (২৬ জুন) দক্ষিণ লেবাননে চালানো দুই দফা পৃথক হামলায় ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর অন্তত দুই সদস্য নিহত হয়েছেন। খবর দিয়েছে দ্য টাইমস অব ইসরায়েল।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, নিহতদের মধ্যে একজন হিজবুল্লাহর অভিজাত রাদওয়ান ইউনিটের একজন কমান্ডার ছিলেন। তাকে দক্ষিণ লেবাননের বারাচিত এলাকায় টার্গেট করে বিমান হামলা চালানো হয়।

দ্বিতীয় হামলাটি চালানো হয় বেইত লিফ এলাকায়, যেখানে হিজবুল্লাহর একটি পর্যবেক্ষণ ইউনিটের সদস্যকে লক্ষ্য করে হামলা চালানো হয়। ওই হামলায়ও একজন সদস্য নিহত হন।

আইডিএফ এখনও নিহতদের নাম প্রকাশ করেনি, এবং তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি স্থানীয় গণমাধ্যমগুলো।

এদিকে হামলার দৃশ্য কুদস নিউজ নেটওয়ার্ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশ করেছে। তাদের পোস্ট করা ছবিতে দক্ষিণ লেবাননের জাবাল ব্লাত এলাকায় আকাশে ধোঁয়া উড়তে দেখা যায়। তারা দাবি করেছে, হামলাগুলো মিসাইল নিক্ষেপের মাধ্যমে করা হয়েছে।

উল্লেখ্য, হিজবুল্লাহকে যুক্তরাষ্ট্র একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে। গোষ্ঠীটি বিভিন্ন সময় ইসরায়েলে রকেট ও মিসাইল হামলা চালিয়েছে। এর জবাবে ইসরায়েলও লেবাননে পাল্টা সামরিক অভিযান চালিয়ে আসছে।

গত বছরের নভেম্বরে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু তারপরও ইসরায়েল লেবাননের বিভিন্ন স্থানে প্রায়শই বিমান হামলা চালিয়ে যাচ্ছে, যার ফলে প্রাণ হারাচ্ছেন বহু মানুষ।