মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ এখনো হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি পায়নি। ইরানি কর্তৃপক্ষ ট্রানজিট ক্লিয়ারেন্স না দেওয়ায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথের কাছাকাছি অবস্থানে জাহাজটি আটকে রয়েছে।

জাহাজটি প্রায় ৪০ দিন ধরে সংঘাতপূর্ণ অঞ্চলে অবস্থান করছিল। যুদ্ধবিরতি ঘোষণার পর এটি গত বুধবার সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে যাত্রা শুরু করে এবং প্রায় ৪০ ঘণ্টা ধরে হরমুজ প্রণালির দিকে অগ্রসর হয়।

তবে শুক্রবার সকালে প্রণালির কাছাকাছি পৌঁছালে ইরানি কর্তৃপক্ষ জাহাজটির ট্রানজিট অনুমতি প্রত্যাখ্যান করে।

বিএসসি’র ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, ইরানি নির্দেশনা অনুযায়ী ক্লিয়ারেন্স চাওয়া হলেও তা নাকচ করা হয়েছে। তিনি বলেন, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে অনুমতি পাওয়ার চেষ্টা চলছে এবং জাহাজটি এখনো হরমুজ প্রণালির কাছাকাছি অবস্থান করছে।

তিনি আরও জানান, পরিস্থিতি বিবেচনায় জাহাজটিকে হয়তো নিরাপদ কোনো বন্দরে ফিরে যেতে হতে পারে। জাহাজটিতে থাকা ৩১ জন নাবিকের জন্য পর্যাপ্ত খাদ্য ও পানির ব্যবস্থা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বর্তমানে জাহাজটি সমুদ্রের পানি লবণমুক্ত করে দৈনিক প্রায় ১৮ টন মিঠা পানি উৎপাদন করতে সক্ষম হলেও, ইঞ্জিনের ব্যবহার সীমিত করে তা কমিয়ে আনা হয়েছে। ক্রুদের মনোবল ধরে রাখতে দৈনিক খাদ্য ভাতা ৭ ডলার থেকে বাড়িয়ে ১২ ডলার করা হয়েছে এবং অতিরিক্ত যুদ্ধ ভাতাও দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

বিএসসি সূত্রে জানা যায়, জাহাজটি ভারত থেকে যাত্রা শুরু করে গত ২ ফেব্রুয়ারি হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে। পরে কাতার ও সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন বন্দরে পণ্য পরিবহন করে এটি পুনরায় সংকটপূর্ণ অঞ্চলে ফিরে আসে।

পরবর্তীতে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় জাহাজটিকে কুয়েত যাওয়ার পরিবর্তে অঞ্চল থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় বিএসসি। তবে একাধিকবার চেষ্টা করেও হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি মেলেনি।

চলতি বছরের ফেব্রুয়ারিতে বহরে যুক্ত হওয়া এই জাহাজটি এখনো নিরাপদ নৌপথে ফেরার অপেক্ষায় রয়েছে।