ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দণ্ডপ্রাপ্ত মৃত যুদ্ধাপরাধীদের নামে শোকপ্রস্তাব আনা ও তা গ্রহণ করাকে মুক্তিযুদ্ধের শহীদ ও নির্যাতিত মানুষের আত্মত্যাগের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল বলে মন্তব্য করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
শনিবার দলটির পলিটব্যুরোর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ কথা বলা হয়। বিবৃতিতে স্বাক্ষর করেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও কেন্দ্রীয় গণমাধ্যম বিভাগের আহ্বায়ক মোস্তফা আলমগীর রতন।
বিবৃতিতে বলা হয়, যুদ্ধাপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের নামে সংসদে শোকপ্রস্তাব গ্রহণের মাধ্যমে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত গণহত্যাকে অস্বীকার করা হয়েছে এবং গণহত্যাকারীদের ইতিহাসের দায় থেকে মুক্তি দেওয়ার চেষ্টা করা হয়েছে। একই সঙ্গে এটি আইনের শাসনের প্রতিও অবমাননা বলে উল্লেখ করা হয়।
দলটি আরও বলেছে, নতুন সরকারের প্রধান রাজনৈতিক দলটি নির্বাচনের আগে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে থাকার অঙ্গীকার করেছিল এবং যুদ্ধাপরাধীদের পরাজিত করার প্রতিশ্রুতি দিয়েছিল।
কিন্তু সংসদের প্রথম অধিবেশনেই গণহত্যাকারী যুদ্ধাপরাধীদের নামে শোকপ্রস্তাব লিপিবদ্ধ করা নজিরবিহীন ও গর্হিত অন্যায় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
মহান জাতীয় সংসদে মুক্তিযুদ্ধের ইতিহাসের সত্যতা অক্ষুণ্ন রাখতে শোকপ্রস্তাব থেকে যুদ্ধাপরাধীদের নাম বাতিলের জোর দাবি জানিয়েছে ওয়ার্কার্স পার্টি।





