যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান সংঘাতের মাঝেও ইরানের খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বৃদ্ধি পেয়েছে। দেশটির গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
তেহরান থেকে এএফপি জানিয়েছে, ইসনা সংবাদ সংস্থা ইরানের পার্লামেন্টের জ্বালানি কমিশনের প্রধান মুসা আহমাদির বরাতে জানায়, “খার্গ দ্বীপে সফর ও বৈঠক শেষে বলতে পারি, সাম্প্রতিক দিনগুলোতে তেল রপ্তানি কমেনি, বরং বেড়েছে।”
ইরানের পশ্চিম উপকূলে অবস্থিত খার্গ দ্বীপ দেশের একটি গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, যুদ্ধবিরতি না হলে এবং হরমুজ প্রণালী পুনরায় চালু না হলে এই দ্বীপ ধ্বংস করা হতে পারে।
এর আগে ১৩ মার্চ যুক্তরাষ্ট্র জানিয়েছিল, তারা দ্বীপে সামরিক হামলা চালিয়েছে, তবে তেল অবকাঠামোতে আঘাত করা থেকে বিরত থেকেছে।
সাম্প্রতিক সময়ে ইরানের কর্মকর্তারা সতর্ক করেছেন, যুক্তরাষ্ট্র স্থল হামলার পরিকল্পনা করতে পারে এবং কোনো দ্বীপকে লক্ষ্য করতে পারে। সেই সতর্কতার মধ্যেই, গত সপ্তাহে প্রায় ৩ হাজার ৫০০ জন মেরিন ও নাবিক বহনকারী উভচর হামলা জাহাজ ইউএসএস ট্রিপোলি মধ্যপ্রাচ্যে পৌঁছেছে।





