বাংলাদেশ জামায়তে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যুবসমাজকে বেকার ভাতা দিয়ে কোনও অবস্থাতেই অপমানিত করতে চায় না দল। তিনি জানান, যুবকেরা দেশের গঠনে মর্যাদাপূর্ণ কাজের অংশ হবে এবং প্রত্যেককে নিজের দেশকে গড়ার দায়িত্বে যুক্ত করতে চায় জামায়াত।
শুক্রবার (৩০ জানুয়ারি) ফেনী শহরের পাইলট স্কুল মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, “আমাদেরও পরিবার আছে—স্ত্রী, সন্তান, বোন। তারা দেশের সেবায় অংশ নিচ্ছে। দেশের সব মা-বোনকেও সমান সুযোগ ও সহায়তা দেওয়া হবে।”
তিনি ফেনীতে মেডিকেল কলেজ নির্মাণের প্রতিশ্রুতি দেন। জামায়াত আমির বলেন, দেশের কোনো জেলাই সরকারি মেডিকেল কলেজ থেকে বঞ্চিত হবে না। ফেনীর জন্য এটি একটি পাওনা, যা তারা বাস্তবায়ন করবে, ইনশাআল্লাহ।
\r\nফেনীর জলাবদ্ধতা সমস্যার সমাধানেও তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করে বাঁধের সমস্যা সমাধান করা হবে।
ফেনীতে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণের প্রতিশ্রুতিও দেন জামায়াত আমির। তিনি উল্লেখ করেন, জেলার মানুষের অর্থনৈতিক অবদান দেশকে শক্তিশালী করছে এবং ফেনীবাসীর পাওনা প্রদানের প্রতিশ্রুতি তারা রাখবে।
এছাড়া তিনি প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বলেন, “তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য অঙ্গীকারবদ্ধ ছিলেন। আমরা তাকে অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাই।”
জামায়াত আমির ভোটারদের উদ্দেশে বলেন, “অধিকারের জন্য হ্যাঁ ভোট দিন। হ্যাঁ মানে স্বাধীনতা, না মানে গোলামী। দ্বিতীয় ভোট হবে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার পক্ষে।”
শফিকুর রহমান বলেন, দেশকে দুর্নীতি, চাঁদাবাজি, মা-বোনের প্রতি অন্যায় ও আধিপত্যবাদের হাত থেকে মুক্ত রাখতে যুবসমাজকে এগিয়ে আসতে হবে।





