জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-০১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন।
রবিবার (২৮ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্টের মাধ্যমে ডা. মিতু নির্বাচন করার বিষয়টি জানিয়েছেন। আরিফুর রহমান তুহিন বলেন, “আলহামদুলিল্লাহ। এনসিপি-জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে ঝালকাঠি-০১ আসনে শাপলা কলি মার্কায় লড়বেন জুলাইয়ের অগ্নিকন্যা ডা. মাহমুদা আলম মিতু। শহীদ শরীফ ওসমান বিন হাদি খুব করে চাইতেন মিতু আপা প্রার্থী হোক।”
তিনি আরও বলেন, “হাদি মিতু আপার জন্য ভোট চেয়ে একদিন পোস্টও করেছিলেন। আমার পূর্ণ সম্মতি নিয়ে দল ও জোট মিতু আপাকে মনোনীত করেছে। হাদির ‘বোনের’ মধ্যে খুঁজে পেতে চাচ্ছি শহীদ ওসমানকে।”
ডা. মাহমুদা মিতু নিজের পোস্টে বলেন, “ফেসবুকে হাদির কথা খুব মনে পড়ছে। হাদি বলেছিল, আমার জন্য ঝালকাঠি যাবে। সব কেমন এলোমেলো হয়ে গেছে। সবার কাছে দোয়া চাইব।”





