বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান জানিয়েছেন, সরকারী দল মন্ত্রিসভার শপথ নেওয়ার সময় জুলাই গণভোটের স্বীকৃতি ও সংস্কারের শপথ উপেক্ষা করেছে। এজন্য তারা শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে শপথ গ্রহণ শেষে জামায়াত ও ১১ দলীয় জোটের সংসদ সদস্যদের পক্ষে ব্রিফিংয়ে তিনি বলেন, “সরকারি দলের আচরণ জনআকাঙ্খার বিপরীত এবং সংস্কারের বিরুদ্ধে।” তিনি উল্লেখ করেন, নির্বাচন চব্বিশের গণ-অভ্যুত্থানের কারণে অনুষ্ঠিত হয়েছে এবং দেশের জনগণ উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন।
জামায়াত আমির বলেন, “আমরা শপথ নিতে এসে দেখি সরকারি দল আগে শপথ নিয়েছে। জুলাই ও সংস্কারের প্রতি অশ্রদ্ধা দেখানো হয়েছে, তাই আমরা অংশগ্রহণ করতে পারিনি।” তিনি আরও বলেন, সরকারের কোনো উদ্যোগ দেশের মানুষের জন্য হলে তারা তা সমর্থন করবে, তবে জনস্বার্থবিরোধী কাজের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন।
একই অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রী ড. খলিলুর রহমানের নতুন মন্ত্রিসভায় যোগ দেওয়া অনৈতিক। তিনি অভিযোগ করেন, নির্বাচনে ফলাফলে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে এবং বিরোধীদলীয় আসনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।
ব্রিফিংয়ে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরসহ অন্যান্য সংসদ সদস্য উপস্থিত ছিলেন।





