সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ঘোষণা করেছে, কিছু গুরুতর বা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদের হজ পালনের অনুমতি দেওয়া হবে না। প্রত্যেক হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করতে হজযাত্রী প্রেরণকারী দেশগুলোর কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় সোমবার (১০ নভেম্বর) জানিয়েছে, সৌদি মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, যেসব শারীরিক অবস্থায় হজের অনুমতি দেওয়া হবে না তার মধ্যে রয়েছে:

কিডনির গুরুতর রোগ বা ডায়ালাইসিস চলা

গুরুতর হৃদরোগ

সব সময় অক্সিজেন প্রয়োজন এমন ফুসফুসের রোগ

ভয়াবহ লিভার সিরোসিস

গুরুতর স্নায়বিক বা মানসিক রোগ, স্মৃতিভ্রষ্টতা

অতি বয়স্ক ব্যক্তি

শেষ প্রান্তিকের গর্ভাবস্থা বা উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা

সংক্রামক রোগ যেমন যক্ষ্মা, ভাইরাল হেমোরেজিক জ্বর

কেমোথেরাপি বা নিবিড় ইমিউনোথেরাপি নিচ্ছেন এমন ক্যান্সার রোগী

সৌদি কর্তৃপক্ষ হজযাত্রী প্রেরণের সময় স্বাস্থ্য ঝুঁকিমুক্ত প্রত্যয়ন নুসুক মাসার প্ল্যাটফর্মে জমা দিতে বলেছে। আগমন ও বহির্গমনে মনিটরিং দল এই স্বাস্থ্য সনদের সত্যতা যাচাই করবে। চেকে সমস্যা ধরা পড়লে সংশ্লিষ্ট দেশের বিরুদ্ধে নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নেওয়া হবে।

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, নিরাপদ ও সুষ্ঠু হজ পরিচালনার জন্য শারীরিক সক্ষমতা নিশ্চিত করা জরুরি। সৌদি বিধিনিষেধ কঠোরভাবে অনুসরণ করা হবে।

আগেই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের নিবন্ধন না করার জন্য হজ এজেন্সিগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া, দুইজন বাংলাদেশি চিকিৎসক সৌদি সরকারের আয়োজন করা ওয়ার্কশপে অংশগ্রহণ করছেন, যাতে স্বাস্থ্য সংক্রান্ত সব নিয়মকানুন অনুসরণ করা যায়।