ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই গাইবান্ধার ফুলছড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথ অভিযান চালিয়েছে। এ সময় দেশীয় অস্ত্রসহ কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মিলন মিয়া (৪৪)কে আটক করা হয়েছে।

ফুলছড়ি থানার ওসি দুরুল হোদা জানান, বৃহস্পতিবার রাতের অভিযানে মিলন মিয়ার নিজ বাড়ি বালাশীঘাটের রসুলপুর গ্রামে তল্লাশি চালানো হয়। অভিযানে তার কাছ থেকে চারটি রামদা, একটি চাইনিজ কুড়াল এবং একটি বড় ছুরি উদ্ধার করা হয়েছে।

ওসি দুরুল হোদা আরও জানান, আটক মিলন মিয়াকে সেনাবাহিনীর একটি দল থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হবে। উদ্ধার হওয়া দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সহিংসতা, ভয়ভীতি ও নাশকতা রোধের জন্য নিয়মিতভাবে তল্লাশি ও অভিযান চালানো হচ্ছে।

ফুলছড়ি থানা বিএনপির সভাপতি সাদিকুল ইসলাম নান্নু বলেন, কিছু নেতা অতিউৎসাহী হয়ে এ ধরনের কাজ করছে, যা দলের জন্য ক্ষতিকর। দলের অভ্যন্তরীণভাবে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।