শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে পীরগঞ্জ পেট্রোল পাম্পের সামনে সড়ক দু/র্ঘটনা ঘটেছে, তিনজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন—গাজীপুরের রাহিমা আক্তার মুন্নি (৩৫), রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছের আব্দুল রাজ্জাক হওলাদার (৫৫) ও তার ছেলে আরাফাত সানী সানভী (২২)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি ট্রাক সামনের আরেকটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় দ্রুতগতিতে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস সেই দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রাহিমা আক্তার মুন্নি মারা যান।
গুরুতর আহত অবস্থায় আব্দুল রাজ্জাক হওলাদারকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং তার ছেলে আরাফাত সানভীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। বড়দরগাহ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ পরিচালনা করেছে এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।





