রংপুরের বদরগঞ্জ উপজেলায় রেকটিফায়েড স্পিরিট (মধ্যপান) সেবনে দুই মাদকসেবীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মাদক ব্যবসার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১২ জানুয়ারি) দুপুরে বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তপুর ও পূর্ব শিবপুর গ্রাম থেকে নিহত দুই মাদকসেবীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
নিহতরা হলেন— গোপালপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের আমিরুল ইসলামের পুত্র আলমগীর হোসেন এবং পূর্ব শিবপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের পুত্র সোহেল মিয়া।
বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন সরকার জানান, শনিবার (১১ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে শ্যামপুরহাট এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী জয়নুল আবেদীনের বাড়িতে কয়েকজন মাদকসেবী রেকটিফায়েড স্পিরিট পান করেন। মদ্যপানের পরপরই আলমগীর হোসেন ও সোহেল মিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
তিনি আরও জানান, ঘটনার পর নিহতদের মরদেহ নিজ নিজ বাড়িতে নিয়ে গোপনে দাফনের চেষ্টা করা হয়। একই সঙ্গে অসুস্থ অন্য মাদকসেবীদের কঠোর গোপনীয়তার সঙ্গে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
ওসি বলেন, বিষয়টি ধামাচাপা দিতে মাদক ব্যবসায়ী জয়নুল আবেদীনসহ স্থানীয় একটি মাদক সিন্ডিকেট সক্রিয়ভাবে চেষ্টা চালায়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ দুপুরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করে দুপুর আড়াইটার দিকে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ সময় মাদক ব্যবসায়ী জয়নুল আবেদীনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান বদরগঞ্জ থানার ওসি।





