গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারি ইউনিয়নের পুরাতন গুচ্ছ গ্রামে গভীর রাতে কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাবা ও ছেলে দগ্ধ হয়েছেন। আগুনে পুড়ে গেছে দুটি ঘর এবং ক্ষতিগ্রস্ত হয়েছে গবাদিপশু।
স্থানীয় সূত্র জানায়, শনিবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে ঘরের ভেতরে জ্বালানো কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। ঘুমন্ত অবস্থায় পরিবারের সদস্যরা বিষয়টি বুঝে ওঠার আগেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বসতঘর ও পাশের গোয়ালঘরে।
এ ঘটনায় মাসুদ মিয়া (৪০) ও তার ছেলে রোকন মিয়া (১৬) দগ্ধ হন। আগুনে দুটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। পাশাপাশি গোয়ালঘরে থাকা দুটি গরু ও একটি ছাগল মারাত্মকভাবে দগ্ধ হয়েছে।
দগ্ধদের উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে সবাই ঘুমিয়ে থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায়। এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগ বিরাজ করছে।
একই সঙ্গে মানবিক দৃষ্টিকোণ থেকে পরিবারটির পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে।





