রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।


রোববার (১ মার্চ) রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।


তিনি বলেন, শিগগিরই স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে এবং রমজানের পর সিটি করপোরেশন নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। এ কার্যক্রম সারা বছর ধরে চলমান থাকবে বলেও তিনি উল্লেখ করেন।


স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার থাকবে কি না, সে বিষয়ে সংসদের সিদ্ধান্তের পর নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও তিনি জানান।


ত্রয়োদশ জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন মোটামুটি ভালো হয়েছে, তবে আরও উন্নতির সুযোগ রয়েছে। কমিশনের নিজস্ব কোনো ঘাটতি ছিল কি না, সেটিও তারা পর্যালোচনা করছে।

এ সময় তিনি সাংবাদিকদের দায়িত্বশীলভাবে সঠিক তথ্য পরিবেশনের আহ্বান জানান।