রাকসুতে আজ বৃহস্পতিবার সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়। বেলা সোয়া ১১টা পর্যন্ত ২৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান। দুপুর পৌনে ১২টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে তিনি এ তথ্য জানান।
সেতাউর রহমান বলেন, ‘উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। শিক্ষার্থীরা ভোট নিয়ে অত্যন্ত প্রফুল্ল। সব কেন্দ্র মিলিয়ে বেলা সোয়া ১১টা পর্যন্ত গড়ে ২৫ শতাংশ ভোট পড়েছে।’
ভোটারদের আঙুলে দেওয়া অমোচনীয় কালি উঠে যাওয়ার বিষয়ে অভিযোগ জানিয়েছেন বেশ কয়েকজন ভোটার ও প্রার্থী। এ বিষয়ে জানতে চাইলে সেতাউর রহমান বলেন, ‘আমাদের চার স্তরের নিরাপত্তা আছে। কালি উঠে গেলেও দ্বিতীয়বার ভোট দেওয়ার সুযোগ নেই। কারণ পরবর্তী স্তরগুলোয় ছবি, ভোটার তালিকায় নাম ও সবশেষে সই নিয়ে তাঁকে (ভোটার) বুথে পাঠানো হচ্ছে।’





