রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনে আগে থেকেই স্বাক্ষর করা দেড় শতাধিক ব্যালট পেপার পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল পৌনে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবনের ১৫০ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় কারচুপির অভিযোগ তুলেছে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেল। তাদের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবির বলেন, “নিয়ম অনুযায়ী ভোটার কেন্দ্রে এলে তখনই ব্যালট ছিঁড়ে দেওয়ার কথা। কিন্তু এখানে ভোটার আসার আগেই শতাধিক ব্যালট পেপার স্বাক্ষর করা হয়েছিল, যা স্পষ্ট অনিয়ম।”
ছাত্রদল সমর্থিত এজেন্টরা অভিযোগ করেন, স্বাক্ষর করা ব্যালটগুলো টেবিলের নিচে রাখা ছিল এবং এগুলো জাল ভোট দেওয়ার জন্য ব্যবহার করার চেষ্টা হচ্ছিল।
এ বিষয়ে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, “বাইরে দীর্ঘ লাইন থাকায় ভোট দ্রুত করতে আগে থেকেই কিছু ব্যালট স্বাক্ষর করা হয়েছিল। তবে এতে নিয়মের ব্যত্যয় ঘটেছে।”
দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এই রাকসু নির্বাচনে সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়, যা বিকেল ৪টা পর্যন্ত চলবে। বিকেল ৫টা থেকে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে কেন্দ্রীয়ভাবে ভোট গণনা শুরু হবে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ভোটার ২৮ হাজার ৯০১ জন। কেন্দ্রীয় রাকসুর ২৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩০৫ প্রার্থী, যার মধ্যে সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস)সহ গুরুত্বপূর্ণ পদ রয়েছে।
এছাড়া সিনেটের ছাত্র প্রতিনিধি পদে ৫৮ জন এবং ১৭টি হল সংসদের ২৫৫টি পদে ৫৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটারের মধ্যে নারী ৩৯ দশমিক ১০ শতাংশ এবং পুরুষ ৬০ দশমিক ৯০ শতাংশ।





