রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আজ রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায়। তালিকা প্রকাশের পর থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা।
দীর্ঘ ৩৫ বছর পর আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাকসু নির্বাচন। নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম জানিয়েছেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
রাকসুতে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৪৮ জন প্রার্থী। সিনেট ছাত্র প্রতিনিধি পদে আছেন ৫৮ জন এবং হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় ৬০০ জন। রাকসুতে সহসভাপতি (ভিপি) পদে ১৮ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৪ জন এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ১৬ জন প্রার্থী রয়েছেন।
এবারের নির্বাচনে ছাত্রদল ও ছাত্রশিবির পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। বাকি আটটি সংগঠন আংশিক প্যানেল দিয়েছে। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০৫ জন।





