রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে বড় চমক দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন আম্মার। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্রার্থীকে বিপুল ব্যবধানে হারিয়ে তিনি জয়ী হয়েছেন।
বেসরকারিভাবে ঘোষিত ফল অনুযায়ী, সালাহউদ্দিন আম্মার পেয়েছেন ১১ হাজার ৪৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত ফজলে রাব্বি ফাহিম রেজা পেয়েছেন ৫ হাজার ৭২৭ ভোট। ব্যবধান প্রায় ছয় হাজার ভোট।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় থেকেই সালাহউদ্দিন আম্মার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরিচিত মুখ। জুলাইয়ের গণঅভ্যুত্থানে তিনি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক এবং তখনই তিনি “স্লোগান মাস্টার” নামে পরিচিতি পান।
আন্দোলনের পরও তিনি বিশ্ববিদ্যালয়ে সক্রিয় রয়েছেন। বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে সরব থেকেছেন এবং রাবি সংস্কার আন্দোলনের অন্যতম সংগঠক হিসেবেও কাজ করছেন।
সালাহউদ্দিন আম্মার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বৈষম্যবিরোধী আন্দোলনের আগে তিনি সিনেমা নির্মাণ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। রাজনীতিতে তেমন সক্রিয় না থাকলেও ওই আন্দোলনের পর থেকেই তিনি রাজনীতির মূলধারায় যুক্ত হন।
২০২৪ সালের জুলাইয়ের আগেও তিনি ক্যাম্পাসে প্যালেস্টাইন সংহতি আন্দোলনসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে অংশ নিয়েছেন। কিছুদিনের জন্য চাকরিতে যুক্ত থাকলেও জুলাইয়ে তা ছেড়ে আবারও আন্দোলনের মাঠে নামেন।
শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ, আন্দোলনে নেতৃত্ব এবং গণসংযোগে সক্রিয় ভূমিকার কারণেই ক্যাম্পাসে তার জনপ্রিয়তা বাড়ে। সেই জনপ্রিয়তাই তাকে এনে দিয়েছে রাকসুর জিএস পদে এই বড় জয়।





