রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে শিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে সর্বোচ্চ ভোটে বিজয়ী হয়েছেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী সুজন চন্দ্র।
শুক্রবার (১৭ অক্টোবর) সকালে কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
সুজন চন্দ্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার বাসিন্দা।
নির্বাচনে জয়লাভের পর সুজন চন্দ্র বলেন, “শিবিরের প্যানেলে আসার অন্যতম কারণ তাদের আদর্শ ও নীতিবোধ আমাকে সবসময় আকৃষ্ট করেছে। ছাত্রশিবির সবসময় মানবিক মূল্যবোধে বিশ্বাসী এবং শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে শিক্ষাবান্ধব কার্যক্রমে কাজ করে। সেই বিশ্বাস থেকেই আমি এই প্যানেলে থেকে প্রার্থী হয়েছিলাম এবং নির্বাচিত হয়েছি। তাদের প্রতি আমি কৃতজ্ঞ।”
বিশ্ববিদ্যালয় প্রশাসনের সূত্রে জানা যায়, এবার রাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলটি সর্বাধিক পদে জয় পেয়েছে, যার মধ্যে সুজন চন্দ্রের এই জয় বিশেষভাবে আলোচিত হয়েছে।





