দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে বিজয়ী হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’-এর প্রার্থী সালমান সাব্বির।
শুক্রবার (১৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফল অনুযায়ী, এজিএস পদে সালমান সাব্বির পেয়েছেন ৬ হাজার ৯৭১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের প্রার্থী জাহিন বিশ্বাস (এষা) পেয়েছেন ৫ হাজার ৯৪১ ভোট। ব্যবধান ১ হাজার ৩০ ভোট।
একই প্যানেলের মোস্তাকুর রহমান জাহিদ সহসভাপতি (ভিপি) পদে ১২ হাজার ৬৮৭ ভোট পেয়ে বিপুল ব্যবধানে বিজয়ী হন। সাধারণ সম্পাদক (জিএস) পদে স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন আম্মার ১১ হাজার ৫৩৭ ভোট পেয়ে জয় লাভ করেন।
ফলাফল ঘোষণার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ দেখা যায়। শিক্ষার্থীরা জানান, দীর্ঘ দুই দশকের বেশি সময় পর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় এটি গণতান্ত্রিক চর্চার পুনরারম্ভ হিসেবে তারা দেখছেন।
এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৯টি ভবনের ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাত সাড়ে ৮টা থেকে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ভোট গণনা শুরু হয় এবং পর্যায়ক্রমে ফলাফল ঘোষণা করা হয়।
এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ২৮ হাজার ৯০১ জন। এর মধ্যে ছাত্রী ভোটার ১১ হাজার ৩০৫ এবং ছাত্র ভোটার ১৭ হাজার ৫৯৬ জন। ভোটের হার ছিল ৬৯ দশমিক ৮৩ শতাংশ।





