বাংলা নববর্ষকে স্বাগত জানাতে রাজধানী ঢাকায় বৈশাখী শোভাযাত্রার আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১৪ এপ্রিল) দেশীয় সাংস্কৃতিক সংসদের ব্যানারে আয়োজিত এ শোভাযাত্রা জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে রমনা পার্কে গিয়ে শেষ হয়।


\r\n

শোভাযাত্রায় নারী, শিশুসহ বিভিন্ন বয়স ও পেশার মানুষ অংশ নেন। দেশীয় সংস্কৃতির নানা উপকরণ যেমন—পলো, ঢেঁকি, খেওয়া জাল ও কুলা শোভাযাত্রাকে করে তোলে আরও প্রাণবন্ত। বাঙালিয়ানার ঐতিহ্যবাহী পোশাকে বিশেষ করে শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দেশাত্মবোধক গান, জারি, সারি ও ভাটিয়ালির সুরে পুরো আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে।


\r\n

শোভাযাত্রার আগে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা দেশীয় সংস্কৃতি সংরক্ষণ ও বিকাশে গুরুত্বারোপ করেন। তারা বলেন, পশ্চিমা ও বিজাতীয় সংস্কৃতির আগ্রাসন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।


\r\n

বক্তারা আরও বলেন, হারিয়ে যেতে বসা সংস্কৃতি ও ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগ জরুরি। একই সঙ্গে বাঙালির প্রকৃত চেতনা জাগ্রত করার ওপরও জোর দেন তারা।


\r\n

তবে সমাবেশে এমন সব সংস্কৃতি ও চর্চা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়, যা ইমান-আকিদার পরিপন্থী বা ইসলামী শরিয়ার সঙ্গে সাংঘর্ষিক।