রাজধানীর ফার্মগেট ও খামারবাড়ি এলাকায় ট্রাফিক পুলিশের দুটি বক্সের পাশে পৃথকভাবে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৪ আগস্ট) রাত ১১টার দিকে এ দুই বিস্ফোরণ ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন জানান, ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে ট্রাফিক পুলিশ বক্সের পাশে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। তিনি বলেন, “কে বা কারা ককটেলটি বিস্ফোরণ ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত নয়। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে।”
একই রাতে আরেকটি বিস্ফোরণ ঘটে শেরে বাংলানগর থানাধীন খামারবাড়ি খেজুরবাগান এলাকার ট্রাফিক পুলিশ বক্সের সামনে। ওসি জানান, “একটি ককটেল রাস্তায় ছুড়ে দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। বিস্ফোরণে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করা হয়েছে।”
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার মো. ইবনে মিজান জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। “বিস্ফোরণের পেছনে কারা রয়েছে তা শনাক্তে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে,” বলেন তিনি।
পুলিশ সূত্রে জানা গেছে, বিস্ফোরিত দুটি ককটেলই ছিল হলুদ টেপে মোড়ানো। ঘটনার পেছনের উদ্দেশ্য ও জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলমান রয়েছে।






