রাজধানী ঢাকায় সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে “Advancements in Reproductive Technologies” শীর্ষক সায়েন্টিফিক সেমিনার। আয়োজন করে লুমিনা আইভিএফ অ্যান্ড ফার্টিলিটি কেয়ার লিমিটেড এবং এতে সহযোগিতা করে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
মঙ্গলবার জিনজিয়ান রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে দেশি-বিদেশি প্রজনন স্বাস্থ্য বিশেষজ্ঞ, গবেষক ও সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা অংশ নেন।
সেমিনারে প্রজনন স্বাস্থ্য ও সহায়ক প্রজনন প্রযুক্তির সাম্প্রতিক অগ্রগতির নানা দিক তুলে ধরা হয়। বক্তারা জানান, বিশ্বব্যাপী ইন-ভিট্রো ফার্টিলাইজেশন (IVF), ইনট্রা সাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন (ICSI), জেনেটিক স্ক্রিনিংসহ আধুনিক পদ্ধতির ব্যবহারে নিঃসন্তান দম্পতিদের চিকিৎসা আরও সহজ, কার্যকর ও সফল হয়ে উঠছে।
এ সময় আলোচকরা চিকিৎসার সাফল্যের হার বাড়ানো, রোগীসেবা উন্নত করা এবং নৈতিক ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক প্রযুক্তির ভূমিকা নিয়েও মতবিনিময় করেন।
আয়োজকদের মতে, বাংলাদেশে আইভিএফসহ সহায়ক প্রজনন প্রযুক্তির চাহিদা দ্রুত বাড়ছে। এ ধরনের বৈজ্ঞানিক সেমিনার শুধু চিকিৎসকদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতেই নয়, রোগীদের জন্য উন্নতমানের চিকিৎসা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।





