পবিত্র রমজান মাসের আগেই বাজারে বেড়েছে ব্রয়লার ও সোনালি মুরগির দাম। বুধবার রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ২০০ থেকে ২২০ টাকা, আর সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৫০ টাকায়।


নিম্ন ও মধ্যম আয়ের মানুষেরা গরু, খাসি বা দামি মাছের চেয়ে প্রোটিনের জন্য সাধারণত ব্রয়লার মুরগি বেশি ভরসা করেন। প্রতিবারের মতো এবারও রোজার আগে ব্রয়লার মুরগির চাহিদা বেড়ে যাওয়ায় দাম বাড়তে শুরু করেছে। গত কয়েক সপ্তাহে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ১৬০-১৭০ টাকা থেকে বেড়ে ২০০-২২০ টাকায় দাঁড়িয়েছে। একই সময়ে সোনালি মুরগির দাম ২৯০-৩১০ টাকা থেকে বেড়ে ৩২০-৩৫০ টাকায় গেছে।


বিক্রেতারা জানান, রোজার প্রথম দুই সপ্তাহের মধ্যে চাহিদা বেশি থাকায় সরবরাহে চাপ পড়ে। সাধারণত সাত-আট রোজার পর মুরগির দাম আগের পর্যায়ে ফিরে আসে।


অন্যদিকে, ফার্মের মুরগির ডিমের দাম এখনও স্থিতিশীল রয়েছে। প্রতি ডজন ডিমের বাজার মূল্য ১০০ থেকে ১১০ টাকা।

মাংস ও মাছের দামও বেড়েছে। প্রতি কেজি গরুর মাংস এখন ৭৫০-৮০০ টাকা, খাসির মাংস ১,১০০ থেকে ১,২০০ টাকায় বিক্রি হচ্ছে। রুই, কাতলা, পাবদা, কই ও শিং মাছের দামও আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে।