ঢাকার ভাসানটেক বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন বিএনপি চেয়ারম্যানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। শনিবার (৭ ফেব্রুয়ারি) তিনি বস্তি এলাকায় গিয়ে আগুনে সর্বস্ব হারানো পরিবারগুলোর জন্য মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করেন।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বহু পরিবার বসতঘর, আসবাবপত্র ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী হারিয়ে চরম সংকটে পড়ে। এ অবস্থায় ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিতে ভাসানটেক এলাকায় যান ডা. জুবাইদা রহমান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে প্রয়োজনীয় উপহারসামগ্রী বিতরণ করেন, যাতে তারা তাৎক্ষণিকভাবে দৈনন্দিন প্রয়োজন মেটাতে পারেন।
পাশাপাশি ক্ষতিগ্রস্তদের স্বাস্থ্যসেবার বিষয়েও উদ্যোগ নেওয়া হয়। এ উপলক্ষে এলাকায় একটি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়, যেখানে চিকিৎসকরা নারী, শিশু ও বয়স্কদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।
এই সহায়তা কার্যক্রমে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসে। হঠাৎ ঘটে যাওয়া দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো ও চিকিৎসাসেবার সমন্বিত এই উদ্যোগকে মানবিক সহায়তার একটি উদাহরণ হিসেবে দেখছেন স্থানীয়রা।
এ সময় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, ডা. ফরহাদ হালিম ডোনারসহ স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
\r\nএর আগে, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) মিরপুরের ভাসানটেক বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়।





