জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিএনপি যদি সত্যিই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, তাহলে তা প্রকাশ্যভাবে ঘোষণা করা উচিত। মুখে এক কথা আর কাজে ভিন্ন আচরণ গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর চকবাজার শাহী জামে মসজিদে ইফতার শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, আওয়ামী লীগের পুনর্বাসনের বিষয়টি শুধু রাজনৈতিক দল নয়, বরং দেশের সাধারণ মানুষের উদ্বেগের বিষয়। তিনি দাবি করেন, আওয়ামী লীগের বেশ কয়েকজন শীর্ষ নেতা ও সাবেক এমপি, যাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে, তারা জামিন পাচ্ছেন, যা নিয়ে রাজনৈতিকভাবে স্পষ্ট অবস্থান থাকা দরকার।
তিনি আরও বলেন, আওয়ামী লীগকে রাজনীতিতে পুনরায় সক্রিয় করার চেষ্টা হলে তা সবার জন্য উদ্বেগের কারণ হবে। এ বিষয়ে এনসিপি রাজনৈতিকভাবে কী পদক্ষেপ নেবে, তা পরে সিদ্ধান্ত নেওয়া হবে।





