বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, রাজনৈতিক নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণ পালন করতে হবে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শহরের চকবাজার জামে মসজিদের সামনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, “তারেক রহমানের নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশ গড়বো। এটি একটি বড় দায়িত্ব। এ দায়িত্ব সঠিকভাবে পালন করতে তারেক রহমানের হাত শক্তিশালী করতে হবে। এজন্য সবার সহযোগিতা ও পাশে থাকা জরুরি।” তিনি স্থানীয়দের সঙ্গে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়ও করেন।
এ্যানি আরও বলেন, “শান্তিপূর্ণভাবে এবং স্বাভাবিক জীবনযাপনে সবাইকে মিলেমিশে থাকতে হবে।”
এসময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র হাসানুজ্জামান চৌধুরী মিন্টু, জেলা যুবদল সভাপতি আবদুল আলিম হুমায়ুন, সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিঙ্কনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে তারেক রহমানের নির্দেশে আনন্দ মিছিল না করে চকবাজার মসজিদে আয়োজন করা দোয়ায় অংশ নেন এ্যানি।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এই আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঘোষিত বেসরকারি ফলাফলে তিনি এক লাখ ৩৫ হাজার ৬১২ ভোট পান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মো. রেজাউল করিম পেয়েছেন এক লাখ ২২ হাজার ৮০২ ভোট।





