রাজনৈতিক নেতৃত্ব যতদিন প্রয়োজন মনে করবে, ততদিন যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরানের সেনাবাহিনী।

সোমবার এ ঘোষণা দেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

মোহাম্মদ আকরামিনিয়া বলেন, “রাজনৈতিক কর্তৃপক্ষ যতদিন উপযুক্ত মনে করবেন, ততদিন আমরা যুদ্ধ চালিয়ে যেতে পারি।” তিনি আরও জানান, ভবিষ্যতে যুদ্ধের পুনরাবৃত্তি ঠেকাতে শত্রুপক্ষকে এমন অবস্থায় নিতে হবে, যাতে তারা আর কখনো ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সাহস না পায়।

তিনি দাবি করেন, বর্তমান সংঘাতে শত্রুপক্ষ তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে এবং পরাজয়ের মুখে পড়েছে। একই সঙ্গে ইরান আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়ে হুমকির জবাব দিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বড় ধরনের সামরিক অভিযান শুরু করে। সংঘাতের শুরুর দিকে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলি খামেনিসহ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা নিহত হন।