আসন্ন যুব এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি জোরদার করছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সেই লক্ষ্যে আগামী ২০ অক্টোবর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল।


সিরিজের প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে, ২৮ ও ৩১ অক্টোবর। বাকি তিন ম্যাচের ভেন্যু রাজশাহী স্টেডিয়াম, ম্যাচগুলো হবে ৩, ৬ ও ৯ নভেম্বর।


এরই মধ্যে রাজশাহীতে সিরিজের প্রস্তুতি শুরু করেছে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। মাস দুয়েক আগে তামিমদের দল দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েকে হারিয়ে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ জিতে নেয়। এরপর ইংল্যান্ড সফরে গেলেও আবহাওয়ার কারণে তিনটি ওয়ানডে ম্যাচ পরিত্যক্ত হয়, বাকি দুই ম্যাচে সিরিজ শেষ হয় ১-১ সমতায়।


ডিসেম্বরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিতব্য যুব এশিয়া কাপ এবং এর পরের যুব বিশ্বকাপের (আয়োজক: জিম্বাবুয়ে) আগে আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজকে গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে দেখছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।