রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে চাঁদাবাজ হিসেবে ১২৩ জনের একটি তালিকা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে জামায়াতে ইসলামীর নাম জড়ানোয় তীব্র প্রতিবাদ জানিয়েছে সংগঠনটির রাজশাহী মহানগর শাখা।

এ প্রসঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগর আমীর মাওলানা ড. কেরামত আলী এবং মহানগর সেক্রেটারি মো. ইমাজ উদ্দিন মন্ডল এক যৌথ বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তারা বলেন, “চাঁদাবাজদের তালিকাটি কে বা কারা তৈরি করেছে তা পরিষ্কার নয়। এর কোনও নির্ভরযোগ্য উৎসও নেই। তবুও সেখানে জামায়াতে ইসলামীর নাম জড়ানো হয়েছে, যা উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যাচার।”

তারা আরও জানান, “তালিকায় যাদের নামের পাশে জামায়াত সংশ্লিষ্টতার কথা বলা হয়েছে, তাদের কারো সাথেই রাজশাহী মহানগর জামায়াতের কোনো সম্পর্ক নেই। তারা কোনো পর্যায়ের জনবল নন এবং কখনোও দলের সংগঠনিক কাঠামোর অন্তর্ভুক্ত ছিলেন না। জামায়াতে ইসলামীর কেউ চাঁদাবাজি করে না এবং কাউকে তা করতে দেওয়া হবে না। দলটি সবসময়ই চাঁদাবাজি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।”

বিবৃতিতে তারা সামাজিক মাধ্যমে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর প্রচারণা বন্ধে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান এবং মিথ্যা তথ্য ছড়ানোর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান প্রশাসনের প্রতি।