রাজশাহী প্রতিনধি: রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে এক চিহ্নিত মাদক কারবারি। পিয়ারুল নামের ওই ব্যক্তি গণমাধ্যমে দাবি করেছেন, গত ২৪ জুলাই রাত প্রায় ১২টার দিকে ডিএনসি তার বাসায় অভিযান চালায় নাহিদ নামে এক দালালের তথ্যের ভিত্তিতে। তিনি অভিযোগ করেন, অভিযানের আড়ালে রাতভর তাকে হয়রানি ও নির্যাতন করা হয়েছে।

তবে ডিএনসি এই অভিযোগকে ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে। সংস্থাটির পরিদর্শক রাহান জানান, পিয়ারুল দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার সঙ্গে যুক্ত থাকায় তার বিরুদ্ধে নজরদারি চলছিল। সেই প্রেক্ষিতে পরমানন্দপুর গ্রামে পিয়ারুলের বাড়িতে ১২টার পর অভিযান চালানো হয়। তল্লাশির সময় এলাকার স্থানীয় লোকজন ও প্রতিবেশীরা উপস্থিত ছিলেন।

পরিদর্শক রাহান আরও জানান, অভিযানে কোনো মাদক উদ্ধার না হলেও বাড়ির বিভিন্ন সন্দেহজনক স্থান তল্লাশি করা হয়েছে। পিয়ারুল ওই সময় বাড়িতে উপস্থিত ছিলেন না। সকাল ৬টার দিকে সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা তৈরি করে অভিযান শেষ করা হয়।

ডিএনসি কর্মকর্তা রাহান বলেন, \"এই অপপ্রচার চালাচ্ছে সেই চক্র, যারা মাদক প্রবাহ নিয়ন্ত্রণ করে। এটি নিন্দনীয় এবং জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা।\"

তিনি জানান, ডিএনসি সব অভিযানই আইনগত সীমার মধ্যে থেকে পরিচালনা করে এবং মাদক নিয়ন্ত্রণে তাদের কার্যক্রম আগের মতোই চলমান থাকবে।