রাজশাহী প্রতিনিধি: পশ্চিমাঞ্চল রেলওয়ের কেনাকাটায় অনিয়মের অভিযোগে রাজশাহীতে রেলের প্রধান কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৮ অক্টোবর) দুপুরে দুদকের সমন্বিত রাজশাহী জেলা কার্যালয়ের তিন সদস্যের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন সহকারী পরিচালক আমির হোসাইন।
অভিযান শেষে সাংবাদিকদের তিনি জানান, ২০২১-২২ অর্থবছরে প্রকৃত বাজার দরের তুলনায় অতিরিক্ত দামে জিনিসপত্র কেনা হয়, যার ফলে সরকারের প্রায় ৩ কোটি ৯২ লাখ টাকার ক্ষতি হয়েছে। অডিট আপত্তির ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
তিনি আরও বলেন, “আমরা প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেছি। সেগুলো বিশ্লেষণ করে কমিশনে বিস্তারিত প্রতিবেদন দেওয়া হবে। এখনও কিছু তথ্য বাকি রয়েছে, তা হাতে এলে কেনাকাটার মোট বাজেট ও খরচ স্পষ্টভাবে বলা যাবে।”
দুদক জানায়, রেলের বিভিন্ন যন্ত্রপাতি ও পরিচালনার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম কেনাকাটায় এই অনিয়ম হয়েছে।





