রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে কোভিড-১৯ পরীক্ষায় ১৫টি নমুনার মধ্যে ৯টি পজিটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে সাতজন চিকিৎসক বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

\r\n

রামেক অধ্যক্ষ অধ্যাপক খন্দকার মো. ফয়সল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার (২ জুন) এই নমুনাগুলো পরীক্ষা করা হয়। শনাক্তের হার প্রায় ৬০ শতাংশ, যা উদ্বেগজনক। আক্রান্তদের বেশিরভাগই হালকা জ্বর, সর্দি-কাশি এবং শরীর দুর্বলতার মতো উপসর্গ নিয়ে এসেছেন। যদিও উপসর্গ তেমন জটিল নয়, তবু সময় নিয়ে সুস্থ হতে হচ্ছে।

\r\n

অধ্যাপক ফয়সল আলম বলেন, “যদিও আতঙ্কের কিছু নেই, তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। বিশেষ করে বয়স্ক, ডায়াবেটিস বা অন্য জটিল রোগে আক্রান্তদের জন্য এটি ঝুঁকিপূর্ণ হতে পারে। ৬০ বছরের বেশি বয়সী ও উপসর্গ থাকা ব্যক্তিদের করোনা পরীক্ষা করানো উচিত।”

\r\n

রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কে বিশ্বাস জানান, বর্তমানে হাসপাতালে একজন করোনা আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। তবে উপসর্গ কম থাকায় অনেকেই হয়তো চিকিৎসা না নিয়েই বাড়িতে অবস্থান করছেন।

\r\n

তিনি আরও জানান, ভর্তি থাকা রোগীর চিকিৎসা স্বাস্থ্যবিধি মেনে সঠিকভাবে পরিচালিত হচ্ছে।

\r\n

বিশেষজ্ঞরা বলছেন, হাসপাতালে কর্মরত চিকিৎসকদের আক্রান্ত হওয়া একটি সতর্ক সংকেত। ফলে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নিয়মিত করোনা পরীক্ষার ওপর জোর দেওয়ার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা।