রাজশাহীর পবা উপজেলার দূর্গা পারিলা এলাকায় একটি পেয়ারা বাগান থেকে প্রায় সাড়ে ৯ ফুট উচ্চতার একটি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা গাছটির বাজারমূল্য আনুমানিক দুই লাখ টাকার বেশি বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় বাগানের মালিক কৃষক মাজেদ আলীকে আটক করা হয়েছে।


বুধবার (৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পবা থানার একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে ১১ কাঠা আয়তনের পেয়ারা বাগানের ভেতরে গাছের আড়ালে লুকিয়ে রাখা গাঁজা গাছটি জব্দ করা হয়।


পুলিশ জানায়, আটক মাজেদ আলী দূর্গা পারিলা এলাকার বাসিন্দা এবং পেশায় কৃষক। তিনি দীর্ঘদিন ধরে নিজের বাগানের ভেতরে গাঁজা গাছটির পরিচর্যা করছিলেন। সময়ের সঙ্গে গাছটি বড় হয়ে প্রায় সাড়ে ৯ ফুট উচ্চতায় পৌঁছে।


স্থানীয়রা পেয়ারা গাছের আড়ালে অস্বাভাবিক লম্বা একটি গাছ দেখতে পেয়ে পুলিশকে বিষয়টি জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাঁজা গাছটি জব্দ করে এবং পরিচর্যাকারী মাজেদ আলীকে আটক করে।


এলাকাবাসী জানান, মাজেদ আলী পারিবারিকভাবে সচ্ছল ছিলেন এবং নিয়মিত বাগান দেখাশোনা করতেন। তবে কিছু বখাটে যুবকের সঙ্গে মেলামেশার কারণে তিনি এ ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে থাকতে পারেন বলে তাদের ধারণা। তারা জানান, গাঁজা গাছের বিষয়টি আগে তাদের জানা ছিল না।


অভিযানে পবা থানার এসআই আশিকুল ইসলাম, এসআই এস এম আসিব নাসিব, এএসআই আল-আমিন ও এএসআই হারুনুর রশিদ অংশ নেন।


রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র গাজিউর রহমান জানান, গাঁজা গাছ উদ্ধার ও জমির মালিককে আটক করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।