বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য চীনা বিশেষজ্ঞ চিকিৎসকদের নতুন দল আজ রাতেই ঢাকায় পৌঁছাবে। এছাড়া আগামীকাল বুধবার যুক্তরাজ্যের মেডিকেল টিমও ঢাকায় আসবেন।


মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির দলীয় সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে, গত সোমবার বিদেশি চিকিৎসকদের একটি দল ঢাকায় এসে হাসপাতালে গিয়ে খালেদা জিয়াকে দেখেন।


বর্তমানে তার শারীরিক অবস্থা সংকটজনক এবং অপরিবর্তিত থাকলেও চিকিৎসা গ্রহণের সুযোগ রয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।


প্রসঙ্গত, গত ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষা করার জন্য গুলশানের বাসা ফিরোজা থেকে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং এরপর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।