কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাঁশ ও কাপড় দিয়ে তৈরি ‘নৌকা’ রাস্তার মোড়ে ঝুলিয়ে রাখার ঘটনায় ময়নাল হক (৩৫) নামে এক আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ব্যতিক্রমী ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের কুড়ার পাড় বাজার এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৪ জুলাই) গভীর রাতে কুড়ার পাড় বাজারে একটি লম্বা বাঁশের আগায় কাপড় ও বাঁশ দিয়ে তৈরি ছোট আকৃতির নৌকা ঝুলিয়ে দেওয়া হয়। নৌকার সঙ্গে ডিজিটাল ব্যানারে প্রিন্ট করা নিজেদের ছবি এবং “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” লেখা স্লোগানও ঝুলানো হয়। এই কাজের সঙ্গে জড়িত ছিলেন একই এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে বারেক (৫৫) ও মৃত আকাব আলীর ছেলে ময়নাল হক (৩৫)। দুজনই স্থানীয় আওয়ামী লীগের পরিচিত কর্মী।
শুক্রবার (২৫ জুলাই) সকালে এলাকাবাসীর নজরে বিষয়টি এলে তারা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্তের ভিত্তিতে ময়নাল হককে গ্রেপ্তার করে নৌকাটি থানায় নিয়ে যায়।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ জানান, “ঘটনার তদন্ত শেষে ময়নাল হকের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে। অপর অভিযুক্ত বারেককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
স্থানীয় মহলে ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কেউ এটিকে রাজনৈতিক বার্তা বহনের অস্বাভাবিক পন্থা হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ড বলেও মন্তব্য করছেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুলিশ এ বিষয়ে বিস্তারিত জানাতে নারাজ।






