প্রায় সাড়ে তিন দশক পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করা হয়েছে। রাকসু নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৫ সেপ্টেম্বর ভোটগ্রহণ ও ফলাফল প্রকাশ করা হবে।


সোমবার (২৮ জুলাই) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রাকসু নির্বাচন কমিশনের সদস্য এনামুল হক এই তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।


ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩১ জুলাই নির্বাচনী আচরণবিধি প্রকাশ করা হবে। ৬ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশের পর ৭ আগস্ট এবং ১০ থেকে ১২ আগস্ট পর্যন্ত আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির সময় নির্ধারণ করা হয়েছে। এরপর ১৪ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।


১৭ থেকে ১৯ আগস্ট মনোনয়নপত্র বিতরণ করা হবে। মনোনয়নপত্র জমা নেওয়া হবে ২১, ২৪ ও ২৫ আগস্ট। ২৭ ও ২৮ আগস্ট মনোনয়নপত্র বাছাইয়ের কাজ সম্পন্ন হবে। প্রাথমিক প্রার্থীতালিকা প্রকাশ করা হবে ৩১ আগস্ট এবং ২ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহারের সুযোগ থাকবে। চূড়ান্ত প্রার্থীতালিকা প্রকাশ করা হবে ৪ সেপ্টেম্বর। ১৫ সেপ্টেম্বর প্রতিটি আবাসিক হলে ভোটগ্রহণ শেষে সেদিনই ফলাফল প্রকাশ করা হবে।


নির্বাচনকালীন নিরাপত্তা নিয়ে নির্বাচন কমিশনের প্রধান অধ্যাপক আমজাদ হোসাইন বলেন, “আমরা আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করেছি। তারা নির্বাচন নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার ব্যাপারে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে।”


উল্লেখ্য, দীর্ঘ ৩৫ বছর ধরে রাকসু নির্বাচন বন্ধ রয়েছে। এ সময়ের মধ্যে শিক্ষার্থীরা নির্বাচন পুনরায় চালুর দাবিতে নানা কর্মসূচি ও আন্দোলন চালিয়ে এসেছে। সাম্প্রতিক সময়ে ছাত্র সংগঠনগুলোর সক্রিয় ভূমিকায় রাকসু নির্বাচন নিয়ে নতুন করে আলোচনার সূত্রপাত হয়। এবার সেই দাবি বাস্তবায়নের পথে এগোচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।